চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রেক্ষিতে আকাশপথে অনিশ্চয়তা দেখা দেওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বিমানবন্দর সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের অধিকাংশ এয়ারফিল্ড ও ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে বিভিন্ন এয়ারলাইন্সের নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
বাতিল হওয়া বহির্গমণ ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট বিজি-১৪৭ ঢাকা-চট্টগ্রাম-দুবাই, যার চট্টগ্রাম থেকে সম্ভাব্য ছাড়ার সময় ছিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট। একই সংস্থার ফ্লাইট বিজি-১৫১ ঢাকা-চট্টগ্রাম-শারজাহ, যার সম্ভাব্য ছাড়ার সময় ছিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৩৩ ঢাকা-চট্টগ্রাম-দোহা, যা সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে চট্টগ্রাম ত্যাগ করার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে।
আগমনী ফ্লাইটগুলোর মধ্যে বাতিল হয়েছে এয়ার আরাবিয়ার ফ্লাইট জি৯-৫২০ শারজাহ-চট্টগ্রাম, ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৪৪ দুবাই-চট্টগ্রাম এবং সালাম এয়ারের ফ্লাইট অভি-৪০৩ মাস্কাট-চট্টগ্রাম। সংশ্লিষ্ট দেশগুলো থেকে এসব ফ্লাইটের নির্ধারিত সময় অনুযায়ী যাত্রা সম্ভব হয়নি।
তবে ব্যতিক্রম হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১২২ মাস্কাট-চট্টগ্রাম-ঢাকা ওমানের মাস্কাট থেকে বিকাল ৫টায় চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে জানা গেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন , আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলেও সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ফ্লাইটসমূহ চালু রাখতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং নতুন নির্দেশনা পাওয়া গেলে পরবর্তী আপডেট জানানো হবে। যুদ্ধ পরিস্থিতির কারণে যাত্রীদের ভোগান্তি এড়াতে ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্স বা বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রতিনিধি 





















