গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধার সাদুল্লাপুরে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ জন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪ যাত্রী আহত হয়েছেন। আহতরা সবাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহানা ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে অটোরিকশাচালক আল আমিন মিয়া (৩০)। অপরজন গাইবান্ধা শহরের পুর্বপাড়ার নারায়ন চন্দ্রের ছেলে অটোরিকশার যাত্রী গৌতম চন্দ্র (৬০)। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, একটি কাভার্ডভ্যান সাদুল্লাপুর থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল। ভ্যানটি গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহানা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোর চালকসহ দুইজন নিহত হন এবং একটি শিশুসহ গুরত্বর আহত হন অন্তত আটজন।
তিনি বলেন, আহতরা রংপুরসহ বিভিন্ন হসপিটালে চিকিৎসা নেওয়ার চেষ্টা করছেন। আমরা সামগ্রিক তথ্য জানার চেষ্টা করছি। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
গাইবান্ধা জেলা প্রতিনিধি 























