বাগেরহাট জেলা প্রতিনিধি :
বাগেরহাটে মাহেন্দ্র ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি চালতেতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।
নিহতরা হলেন- বাগেরহাটের মোংলা উপজেলার গোয়ালেরমেঠ গ্রামের জামির খানের ছেলে কাদের খান (২৭), একই উপজেলার দোয়ারিজারা গ্রামের রতন মোল্লার ছেলে লাবলু মোল্লা (৩০)।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ বলেন, মঙ্গলবার রাতে খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি চালতেতলা এলাকায় মোংলা থেকে ছেড়ে আসা পণ্যবাহি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাহেন্দ্রে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত হন আরও তিনজন। পুলিশ খবর পেয়ে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।এছাড়া আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলেও জানান ওসি।
বাগেরহাট জেলা প্রতিনিধি 























