গাজীপুর জেলা প্রতিনিধি :
উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন সাদপন্থি আলেম মুফতি মুয়াজ বিন নূর। এর আগে গত ১৮ ডিসেম্বর-২৪ গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৬ মার্চ) মাওলানা সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয় মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন মজলুম আলেম মুফতি মুয়াজ বিন নূর। গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। ১৮ ডিসেম্বর -২৪ টঙ্গী ময়দানে সহিংসতার মিথ্যা মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। এছাড়া এখনো দুইজন ভেতরে রয়েছেন তারা খুব দ্রুত বের হবেন ইনশাআল্লাহ।
সায়েম বলেন, গত ৭ বছর ধরে জুবায়ের পন্থিরা সুবিধা ভোগ করেছেন। তারা প্রতিবারই প্রথম ধাপে ইজতেমা করেছেন। কাকরাইলে আমাদের অবস্থান নিয়েও তারা আধিপত্য বিস্তার করেছে। অথচ এখন এই বৈষম্যবিরোধী বাংলাদেশে এসেও তারা নতুন নকশা আকছে। আমরা আল্লাহর ওপর সব বিচার দিয়েছি।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর টঙ্গী সহিংসতা ঘটনায় জোবায়েরপন্থীরা সা’দপন্থী ২৯ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। অপরদিকে সা’দপন্থীরা জুবায়েরপন্থী ৪৪ জনকে আসামি করে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। যে মামলা পিবিআই তদন্ত করছে। এসব মামলায় সা’দপন্থী চারজন গ্রেফতার হলেও জোবায়েরপন্থী কেউ গ্রেফতার হয়নি।
গাজীপুর জেলা প্রতিনিধি 























