নিজস্ব প্রতিবেদক :
একসময় দেশে দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সমাজে ধর্মীয় বিভেদ সৃষ্টির চেষ্টা করা হয়েছিল।
বুধবার (১৩ মে) রাজধানীর উত্তরায় মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান পরিস্থিতি দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবেশের প্রতিফলন। তার দাবি, অতীতের তুলনায় এখন ধর্মীয় চর্চা এবং সামাজিক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ বেড়েছে।
তিনি বলেন, পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের চাপ বর্তমান সরকারকে মোকাবিলা করতে হচ্ছে। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার করে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে রাজনৈতিক বিভাজন এড়িয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায় অর্থনীতি পুনরুদ্ধার আরও কঠিন হয়ে উঠতে পারে বলে তিনি সতর্ক করেন।
নিজস্ব প্রতিবেদক 





















