নিজস্ব প্রতিবেদক :
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার এ ঘটনাকে ‘জঘন্য হামলা’ হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ গতকাল (সোমবার) দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ওই হামলায় সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ নামে দুই বাংলাদেশি নাগরিক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকার নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে। লেবাননে বাংলাদেশ দূতাবাস স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কাজ করছে। একই সঙ্গে দূতাবাস নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ রাখছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আবারও এ অঞ্চলে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক 


















