নিজস্ব প্রতিবেদক :
ঋণ দেওয়ার ক্ষেত্রে গ্রাহকের পরিশোধ সক্ষমতা যাচাই করে অর্থায়ন নিশ্চিত করা এবং খেলাপি ঋণ আদায়ে আরও কঠোর ও সাহসী ভূমিকা নেওয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ব্যাংকগুলোকে অবশ্যই ঋণগ্রহীতার প্রকৃত আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ঋণ দিতে হবে। একইসঙ্গে খেলাপি ঋণ আদায়ে কোনো ধরনের দ্বিধা না রেখে দৃঢ় ও সাহসী সিদ্ধান্ত নিতে হবে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং রফতানি খাতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে পারলে বৈদেশিক খাত আরও সুদৃঢ় হবে বলেও তিনি উল্লেখ করেন।
ড. আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকগুলো যেন কেবল বড় ব্যবসায়ীদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। অনুৎপাদনশীল খাত হলেও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা বিবেচনায় এসএমই খাতে ঋণ বিতরণের হার বাড়ানোর ওপর জোর দেন গভর্নর।
এদিকে রাজনৈতিক সরকারের অধীনে কাজ করা কঠিন হলেও পেশাদারিত্ব বজায় রেখে ব্যাংকখাতের সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে ব্যাংকারদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এ বিষয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু পেরেছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করেছে- যদিও তা সম্পূর্ণ না। তবে আগামীতে যেন আরও কঠিন সময়ের সম্মুখীন হতে না হয় তার জন্য প্রস্তুত থাকতে হবে।
আগামীতে রাজনৈতিক, আমলাতান্ত্রিক জটিলতা ও বাঁধা আসতে পারে। সেগুলোকে উড়িয়ে দেয়ার সুযোগ নেই। তাই সবাই এক হয়ে কাজ করাও আহ্বান জানিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আর্থিক প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রমের নিয়মনীতি পালন করতে হবে। এর মধ্যেই মানুষের সেবা দেওয়ার চেষ্টা করতে হবে।
তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই ও মাঝারি শিল্প খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে এসব খাতকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর দায়িত্ব বেশি।
নিজস্ব প্রতিবেদক 





















