সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রাতের আঁধারে কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে বিক্রির অভিযোগে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটিভর্তি সাতটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতভর উপজেলার বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানার ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- তাড়াশ উপজেলার সুশান্ত কুমার সিং ও মো. আসলাম, উল্লাপাড়া উপজেলার মেরাজুল এবং রায়গঞ্জ উপজেলার চন্দন বসাক, মো. রহমাতুল্লাহ, মো. শাহীন, মো. শাহাদাত হোসেন, মো. আবু তাহের, শামীম শেখ, খলিল মণ্ডল, মো. আইয়ুব আলী, মো. রাসেল হোসেন, মো. নাসিম ও মো. আব্দুল খালেক।
সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বলেন, রায়গঞ্জের বিভিন্ন এলাকায় কৃষি জমির উপরিভাগের মাটি কেটে তা বিক্রি করছিল কয়েকটি চক্র। এমন অভিযোগে মঙ্গলবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ১৪ জনকে আটক করা হয়। এ সময় সাতটি ড্রাম ট্রাক জব্দ করা হয়, যার ছয়টির নম্বর প্লেট নেই।
তিনি বলেন, আটকদের মধ্যে একজনকে চার মাস, ১২ জনকে দুই মাস করে ও অপর একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কৃষি জমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি 






















