বরিশাল জেলা প্রতিনিধি :
বরিশাল আদালতে বিচারকার্য চলাকালে এজলাসে প্রবেশ করে অশোভন আচরণ ও আসবাবপত্র নিক্ষেপের ঘটনার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আটক করেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় বরিশাল আদালত প্রাঙ্গণে তার চেম্বার থেকে তাকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তাকে অতিরিক্ত চীফ ম্যাট্রোপলিটন আদালতে হাজির হলে আদালতের বিচারক এসএম শরীয়াতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানুন উল ইসলাম। তিনি বলেন, তাকে আদালত থেকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে।
আটকের পর বিএনপিপন্থি আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। তারা সাদিকুর রহমান লিংকনের মুক্তি দাবি করেন। এর ফলে আদালতের নিয়মিত কার্যক্রম সকাল থেকেই কার্যত বন্ধ হয়ে যায়। পুরো আদালত এলাকাজুড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু জানান, যেখানে বিস্ফোরক মামলায় মানুষজনকে জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিম্ন আদালত থেকেই জামিন দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনজীবীরা মঙ্গলবার থেকে আদালত বর্জন করে বিক্ষোভ শুরু করে। এরই ধারাবাহিকতায় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুল রহমান লিংকনকে আটক করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, অবিলম্বে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণের দাবি জানাই। যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বর্জন কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আজ সকাল থেকেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মী ও বিএনপিপন্থি আইনজীবীরা আদালত বর্জন ও বিক্ষোভে অংশ নেন। এতে দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়েন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত চত্বরে সেনাবাহিনী, ডিবি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।
গ্রেপ্তারের বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, আদালতের এজলাসে ভাঙচুরের অভিযোগে জেলা আইনজীবী সমিতির সভাপতিকে আটক করা হয়েছে।
এ ঘটনায় বিচারকরা বিচারকাজ বন্ধ রেখেছেন এবং পুরো আদালত বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গ্রেপ্তারের প্রতিবাদে আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছেন।
প্রসঙ্গত, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস. এম. শরীয়তুল্লাহ একাধিক মামলার আসামি তালুকদার মো. ইউনুস ও বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মনিরুল ইসলাম ছবিকে জামিন দেন। এর আগে ১৭ ফেব্রুয়ারি একই আদালত সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুনকে জামিন প্রদান করেন। এরপর থেকেই আদালত চত্বরে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে।
বরিশাল জেলা প্রতিনিধি 






















