নিজস্ব প্রতিবেদক :
পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত একটি ইফতার মাহফিলে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় এই ইফতার আয়োজনে উপস্থিত থাকার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সাক্ষাৎকালে তিনি আনুষ্ঠানিকভাবে ইফতার মাহফিলে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ আমন্ত্রণ ইতিবাচকভাবে গ্রহণের আগ্রহ জানানো হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।
আলোচনার এক পর্যায়ে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে যোগাযোগ করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সুস্থতা কামনা করেন।
সাক্ষাৎকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, বিরোধী দল এবং সরকারি দল সকলেই গণতন্ত্রের উদাহরণটা দিয়ে থাকেন। একটা সাইকেলের দুই চাকার মতো একটা চাকা যেমন সাইকেল হয় না, চলতে পারে না, চলতে গেলে দুইটা চাকাই লাগে। আমরা মনে করি, গণতান্ত্রিক সিস্টেমে সরকারের বিরোধী দল এবং সরকারের দলের মধ্যে সুন্দর সমন্বয় সংহতি দিয়েই এ দেশটাকে আমরা হয়তো ভালো দিকে নিয়ে যেতে পারবো, এটাই আমাদের আশাবাদ।
পরে সাংবাদিকদের তিনি বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ দলের পক্ষ থেকে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, রাজনীতির সকল বিতর্কের জায়গা যেন সংসদ হয়। এর সমর্থন জানিয়ে জামায়াত নেতারা বলেন, রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন হতেই পারে। তবে অতীতের মতো রাজনীতিতে খারাপ চর্চা যেন না হয়। সরকারকে মূল্যায়নের সময় এখন হয়নি। জাতি অপেক্ষা করছে ভালো কিছুর জন্য।
তিনি বলেন, ১২ তারিখে সংসদ হবে। সংসদেই আমরা রাজনীতির সবকিছুই আলোচনা করবো। আমাদের জন্য এটা বেটার হবে। আর শপথ না নেওয়ার যে বিষয়টা, সংবিধান সংস্কার পরিষদের যেটা হয়তো আপনারা বলতে চাচ্ছেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
নিজস্ব প্রতিবেদক 























