দিনাজপুর জেলা প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ কোম্পানির এক নারী কর্মীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার ভিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ফুলবাড়ী উপজেলার জামডাঙ্গা গ্রামের ভ্যানচালক আইনুল হক (৫৩) এবং বলিহরপুর গ্রামের রুনা খাতুন (২৩)। রুনা খাতুন প্রাণ কোম্পানির কর্মী ছিলেন।
অপর আহত যাত্রী মোছা. ইয়াসমিন (৩০)। তিনি বারাইহাট বাজরাপাড়া গ্রামের বাসিন্দা মো. এনদারের মেয়ে। আহত ইয়াসমিন বর্তমানে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানায়, সকালে আইনুল হকের চার্জার ভ্যানে করে রুনা খাতুনসহ তিনজন কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ভিমপুর এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আইনুল হক ও প্রাণ কোম্পানির কর্মী রুনা খাতুন নিহত হন। এসময় আরও দুইজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে, স্থানীয়রা দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
দুর্ঘটনার কারণে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের রাঙামাটিতে উৎসুক জনতার ভীড়ে যানজট সৃষ্টি হয়। পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে যান চলাচল স্বাভাবিক হয়।
দিনাজপুর জেলা প্রতিনিধি 























