সিলেট জেলা প্রতিনিধি :
চলতি বছরের জানুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৫ জনের প্রাণহানি ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এ সময়ে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট ও হবিগঞ্জ জেলায়। তুলনামূলকভাবে কম দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে মৌলভীবাজার জেলায়।
রোববার (৮ ফেব্রুয়ারি) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসে সিলেট বিভাগে মোট ২৫টি সড়ক দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সিলেট জেলায় ৬টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১০ জন আহত হন। সুনামগঞ্জ জেলায় ৭টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১২ জন আহত হন। মৌলভীবাজার জেলায় ৪টি দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হন। হবিগঞ্জ জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে; সেখানে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলা আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক ও অনলাইন পত্রিকা, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় ও অপ্রকাশিত ঘটনা এবং নিসচা সিলেটের বিভিন্ন শাখা সংগঠনের তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নিহতদের মধ্যে ৪টি দুর্ঘটনায় ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৭টি দুর্ঘটনায় ৭ জন সিএনজি ও টমটম চালক ও যাত্রী, ৮টি দুর্ঘটনায় ৮ জন বিভিন্ন যানবাহনের চালক এবং অপর ৮টি দুর্ঘটনায় ৮ জন পথচারী প্রাণ হারিয়েছেন।
নিসচা সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগ জোরদার এবং ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।
সিলেট জেলা প্রতিনিধি 






















