সাভার (ঢাকা) উপজেলা প্রতিনিধি :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধীদলীয় নেতা মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন— জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করেছি, এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে থাকে।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি, এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন টিকে থাকে। দেশের মানুষের ওপর আল্লাহ যেন শান্তি ও রহমত বর্ষণ করেন এবং একটি অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনে সবাই যেন একসঙ্গে কাজ করতে পারেন।
তিনি বলেন, আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা একটি নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের সর্বোচ্চ আচার। সবার মতো আমরাও আমাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি।
সাভার (ঢাকা) উপজেলা প্রতিনিধি 





















