সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
কাউকে অবহিত না করে বুধবার (৪ মার্চ) সকালে আকস্মিক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ ভূমি অফিস পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। ওই সময় তিনি দেখতে পান যথাসময়েও অফিস তালাবদ্ধ। এ ঘটনায় তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির। বুধবার রাতে তাদের বদলি করা হয়।
ওই তিন কর্মকর্তা হলেন- সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক ও অফিস সহকারী জান্নাতী। তাদের মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াই হাজারে এবং অফিস সহকারী জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির জানিয়েছেন, বুধবার রাতেই সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারীসহ তিনজনকে বদলি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার সরকার নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৫ নাম্বার ওয়ার্ডে অবস্থিত ভূমি কার্যালয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত হন। এ সময় তিনি দেখতে পান যে কার্যালয়ে কর্মরত কোনো কর্মকর্তা কর্মচারী এসে পৌঁছাননি, অফিস তালাবদ্ধ রয়েছে। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর কেউ একজন এসে কার্যালয়ের তালা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন। তখনো কর্মকর্তারা উপস্থিত হননি।
এ ধরনের ঘটনাকে অত্যন্ত ‘অনাকাঙ্ক্ষিত’ বলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের অভিহিত করেছেন ভূমি প্রতিমন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা রাষ্ট্রীয় অর্পিত দায়িত্বে অবহেলা করবেন এবং জনগণের সেবায় বিঘ্ন ঘটাবেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এমন উদাসীনতা সরকারের জনসেবামূলক লক্ষ্যকে প্রশ্নবিদ্ধ করে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং এ সরকার সরাসরি জনগণের জন্য কাজ করতে দায়বদ্ধ। সরকারি দপ্তরে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা দায়িত্বহীনতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
জানা গেছে, সহকারী ভূমি কর্মকর্তা নাসির উদ্দিনকে রূপগঞ্জ উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে, উপ-সহকারী ভূমি কর্মকর্তা ওমর ফারুককে খাককান্দা ইউনিয়ন ভূমি অফিসে এবং অফিস সহকারী ফাতেমা জান্নাতীকে বন্দর উপজেলার কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, কয়েকজন সেবাগ্রহীতা অফিসে অপেক্ষা করছেন।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বদলি হওয়ায় অফিসে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন না। এ সময় এসিল্যান্ড অফিসের নাজির মো. জান্নাতুল সেখানে অবস্থান করছিলেন, নতুন কর্মকর্তারা যোগদান করলে তাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য।
অফিসে আসা সেবাগ্রহীতা জাহিদুল হক বলেন, ভূমি সংক্রান্ত একটি কাজের জন্য সকালে অফিসে এসেছি। কিন্তু এসে দেখি কোনো কর্মকর্তা নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পরও কাউকে না পেয়ে আমাদের মতো অনেক সেবাগ্রহীতা বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 






















