নিজস্ব প্রতিবেদক :
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রোববার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল।
তিনি বলেন, বেলা ১১টা ১৭ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হয়েছে। চার ঘণ্টা পথ পাড়ি দিয়ে অ্যাম্বুলেন্সটি পৌঁছানোর কথা সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে উনাকে (মির্জা আব্বাসকে) ভর্তি করা হবে। এর আগে সকাল ৯টা ১০ মিনিটে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়।
রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সের কাছে নেওয়া হয়। মির্জা আব্বাসের সঙ্গে তার সহধর্মিণী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল এয়ার অ্যাম্বুলেন্সে গেছেন।
এর আগে, গত বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারে পানি পানের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন এই প্রবীণ বিএনপি নেতা।
দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কের সিটি স্ক্যান করা হলে কিছু জটিলতা ধরা পড়ে। পরে চিকিৎসকদের একটি বিশেষ মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গত শুক্রবার (১৩ মার্চ) দুই দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর মির্জা আব্বাসকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক মহলের বিভিন্ন পর্যায়ের নেতারা তাকে দেখতে যান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক 

























