নিজস্ব প্রতিবেদক :
ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, স্ত্রী সঞ্চিতা দত্ত ও কন্যা সুষমা শশী দত্তের ৫ কোটি ৩২ লাখ ১৯ হাজার ৬৫ টাকা থাকা বিভিন্ন ব্যাংকের ১৮টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। অন্যদিকে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, তার স্ত্রী অপরাজিতা হক এবং মেয়ে শাবাবা ইশায়াত হকের ৩ কোটি ৮৯ লাখ টাকা থাকা বিভিন্ন ব্যাংকের ১১টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
শ্যামল দত্তের মামলায় দুদকের উপপরিচালক বায়োজিদুর রহমান খান ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে এই আবেদন করেন।
আবেদনে বলা হয়, শ্যামল দত্ত, তার স্ত্রী-মেয়ে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে বেশ কিছু অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানকালে এসব অস্থাবর সম্পদ অর্জনের স্বপক্ষে কোন সুস্পষ্ট উৎস পাওয়া যায়নি এবং সম্পদসমূহ নানাভাবে হস্তান্তর/স্থানান্তর প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত উৎস আড়াল করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে যা মানিলন্ডারিং জনিত অপরাধ মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মান হয়েছে।
শ্যামল দত্ত বা তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে অর্জিত এসব সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর সম্ভবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় শ্যামল দত্তকে আটক করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
আর মোজাম্মেল হক বাবু মামলায় দুদকের উপপরিচালক বায়োজিদুর রহমান খান ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে এই আবেদন করেন।
আবেদনে বলা হয়, মোজাম্মেল হক বাবু, তার স্ত্রী-মেয়ে ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বেশ কিছু অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানকালে এসব অস্থাবর সম্পদ অর্জনের স্বপক্ষে কোন সুস্পষ্ট উৎস পাওয়া যায়নি এবং সম্পদসমূহ নানাভাবে হস্তান্তর/স্থানান্তর প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত উৎস আড়াল করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে যা মানিলন্ডারিং জনিত অপরাধ মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মান হয়েছে।
অভিযোগ সংশ্লিষ্ট মোজাম্মেল হক বাবু বা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে অর্জিত এসব সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর সম্ভবনা রয়েছে।সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় মোজাম্মেল বাবুকে আটক করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 



















