চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রাকিবুল ইসলাম নামে এক যাত্রীর লাগেজ থেকে ৩১৫ কার্টন অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। রাকিবুল ইসলামের বাড়ি নওগাঁর রানীনগর উপজেলায়।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
তিনি জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ৯টা ৪৫ মিনিটে শারজাহ ছেড়ে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইটটি (জি-৯৫২০) চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। পরে বন্দরের এনএসআই টিম, কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা যৌথভাবে তল্লাশি চালানোর সময় ফ্লাইটটির যাত্রী রাকিবুল ইসলামের লাগেজ থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়।
কাস্টমস সূত্র জানায়, উদ্ধার করা ৩১৫ কার্টন সিগারেটের বিপরীতে প্রায় ৬ লাখ ৩০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। সিগারেট চালানটি চট্টগ্রাম কাস্টমস হাউজের হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রতিনিধি 



















