যশোর জেলা প্রতিনিধি :
যশোর শহরের বাহাদুরপুর (মেহগনি তলা) এলাকায় পার্কিংয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। আগুনের তীব্রতায় পাশে থাকা আরেকটি বাসও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে যশোর-মাগুরা মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। এরমধ্যে একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-০০৯৮) আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। অপরটি (ঢাকা মেট্রো-ব-১৪-৪৩১০) আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাসমালিক যশোর সদরের বাহাদুরপুর বাসিয়াপাড়া মেহগনিতলার বাসিন্দা বিএনপি নেতা আবু বক্কার সিদ্দিক বেলাল বলেন, তার বাস দুটি যশোরের বিভিন্ন স্কুল ও কলেজ কর্তৃপক্ষ চুক্তিভিত্তিক ভাড়া নিয়ে পরিচালনা করে। দুই মাস হলো টেন্ডার না হওয়ায় তিনি বাস দুটি মেহগনিতলায় রেখে দেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত একটার দিকে তিনি জানতে পারেন পার্কিং করা তার বাসে কে বা কারা আগুন দিয়েছে। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন একটি বাসে আগুন জ্বলছে। পাশে রাখা অপর বাসটি তিনি সে সময় দ্রুত সরিয়ে নেন। একইসাথে তিনি স্থানীয় পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভাতে শুরু করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার আগেই একটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অপর বাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
আবু বক্কার সিদ্দিক বেলাল নওয়াপাড়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য। অগ্নিকাণ্ডের ঘটনায় তার দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে তিনি একটি কেন্দ্রে ‘ধানের শীষ’ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন।
যশোর কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, খবর শুনে ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা পেয়েছি। সাথে সাথে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বাসমালিক আবু বক্কর সিদ্দিক বেলালের সাথে কথা হয়েছে। তিনি এখনও লিখিত অভিযোগ দেননি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যশোর জেলা প্রতিনিধি 























