টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
ঈদের ছুটিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক হয়ে উত্তরের পথযাত্রায় অনেকটা স্বস্তিনিয়েই বাড়ি ফিরছে ঈদে ঘরমুখো মানুষ। গত ২৪ ঘণ্টায় এই যমুনা সেতু দিয়ে পারাপার হওয়া যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা। একই সময়ে সেতুটি দিয়ে ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন চলাচল করেছে। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও কোন যানজট দেখা যায়নি।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার করেছে। এ থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ঢাকাগামী ১৯ হাজার ৪৪৫ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও এখনো কোন যানজট সৃষ্টি হয়নি। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপারের জন্য ব্যবস্থা করা হয়েছে। সেতুর দুই প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। প্রতিদিন যমুনা সেতু দিয়ে গড়ে ১৮/২০ হাজার যানবাহন পারাপার হয়। ঈদযাত্রায় তা বেড়ে দ্বিগুণ কিংবা তিনগুণ হয়। ঈদযাত্রায় চালকের অদক্ষতা, সড়ক দুর্ঘটনা এবং গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যানজট হয়।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি 


















