টঙ্গীবাড়ি উপজেলা প্রতিনিধি :
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সিপাহিপাড়া-দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার যসলং ইউনিয়নের দরজারপাড়া (শনিবাড়ি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) এবং মো. সানিয়াত (২৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রলির ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মো. সানিয়াত ও হোসাইন মোহাম্মদ সাকিব মারা যান। গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে স্থানীয় বাসিন্দা আকাশ নামে এক ব্যক্তি জানান, এক মোটরসাইকেলে চড়ে তিনজন যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি ট্রলির ভেতর ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। এলাকাবাসী ট্রলিটিকে ধাওয়া দিলে চালক ট্রলিসহ পালিয়ে যান।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ওসি মনিরুল ইসলাম ডাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে দুইজন নিহত হন। অপরজনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, নিহতদের পরিবারের অভিযোগ না থাকায়, মরদেহ গুলো বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
টঙ্গীবাড়ি উপজেলা প্রতিনিধি 
























