মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জের ১২ নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—আধারা ইউনিয়ন বিএনপির সদস্য নাসির ডাক্তার, জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন সরকার ও মাহবুবুর রহমান খান, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন, পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মীর শরিফ, আধারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিদার হোসেন, সাবেক সভাপতি দেলোয়ার দেওয়ান।
এ ছাড়া মহাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আলমগীর মিজি, পঞ্চসার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ডালিম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন মেম্বার, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল মিয়া এবং সদস্য তানভীর আহম্মেদ তারমিন।
এ ছাড়া ইফতেখার আলম রিপনকেও বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভবিষ্যতে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি 






















