আন্তর্জাতিক ডেস্ক :
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের নতুন নোট বহনকারী একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে।
স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দেশটির রাজধানী লা পাজের কাছে এল আল্টো শহরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
বলিভিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, বলিভীয় বিমানবাহিনীর একটি সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান সান্তা ক্রুজ থেকে উড্ডয়ন করে এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার চেষ্টা করছিল। সে সময় এল আল্টো এলাকায় আবহাওয়া অত্যন্ত প্রতিকূল ছিল। অবতরণের ঠিক আগ মুহূর্তে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং পাশের একটি মহাসড়কে থাকা বেশ কিছু যানবাহনের ওপর আছড়ে পড়ে।
এ দুর্ঘটনায় বিমানে থাকা আরোহী এবং মহাসড়কের পথচারী মিলিয়ে মোট ১৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া কমপক্ষে ৩০ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে, বিমানটি লা পাজের সংলগ্ন এল আল্টো শহরে যানবাহনে আঘাতের পর একটি মাঠে বিধ্বস্ত হয়। সে সময় বিমানটি উড্ডয়ন করছিল নাকি অবতরণ করছিল সে বিষয়টি স্পষ্ট নয়।
প্লেনের আঘাতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মরদেহ রাস্তায় ছিটকে পড়তে দেখা গেছে। টোভার জানিয়েছেন, কমপক্ষে ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল কর্মীরা প্লেনের আগুন নেভাতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।
বলিভিয়ার বিমান বাহিনীর অন্তর্গত হারকিউলিস প্লেনটি ব্যাংক থেকে অন্যান্য শহরে নতুন নোট সরবরাহের কাজে নিযুক্ত ছিল এবং দুর্ঘটনার পর চারদিকে প্রচুর পরিমাণে নোট ছড়িয়ে ছিটিয়ে ছিল।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, লোকজন টাকা সংগ্রহের জন্য ছুটে আসছে এবং পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। কর্তৃপক্ষ টার্মিনালে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বলে জানা গেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, বিধ্বস্ত বিমানটি বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংকের জন্য নতুন ছাপানো ব্যাংক নোট পরিবহন করছিল। তবে ব্যাংক কর্তৃপক্ষ এক বিশেষ বিবৃতিতে জানিয়েছে, পরিবহনকৃত নোটগুলোর কোনো আর্থিক বা ক্রয়ক্ষমতা নেই। তাই এগুলো সংগ্রহ করা বা বাজারে ব্যবহারের চেষ্টা করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নোট সংগ্রহের চেষ্টা করতে দেখা গেছে বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।
মহাসড়কে ক্ষতিগ্রস্ত একটি গাড়ির আরোহীর স্বজন রয়টার্সকে জানান, বিমানটি আছড়ে পড়ার সময় একটি চাকা তাদের গাড়ির ওপর এসে পড়ে। এতে তার বোন মাথায় প্রচণ্ড আঘাত পান এবং তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। উদ্ধারকাজ শেষে বর্তমানে তদন্ত দল দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখছে।
আন্তর্জাতিক ডেস্ক 






















