বরগুনা জেলা প্রতিনিধি :
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলারে জাল পেঁচিয়ে যাওয়াকে কেন্দ্র করে ট্রলিং বোট ও সাধারণ ট্রলারের জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার জেলে আহত হয়েছেন। সাগরে পড়ে নিখোঁজ রয়েছেন দুই জেলে।
বুধবার (৪ মার্চ) দিনগত গভীর রাতে পাথরঘাটা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। আহত ও নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটায়।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী নিশ্চিত করেছেন।
নিখোঁজ জেলেরা হলেন পাথরঘাটা উপজেলার দক্ষিণ জ্ঞানপাড়া এলাকার আজিজ বয়াতির ছেলে হিরু বয়াতি (৪০) এবং চরদুয়ানী ইউনিয়নের বেলায়েত গাজীর ছেলে জসিম গাজী (৩২)।
খোঁজ নিয়ে জানা যায়, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মনির আকনের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারের জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকার করছিলেন। এসময় এফবি মুন্না নামের একটি ট্রলিং বোট তাদের জালে উঠে যায়। এতে বাধা দিলে ওই ট্রলারের জেলেদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এর কিছুক্ষণের মধ্যে আরও কয়েকটি ট্রলিং বোট এসে মনির আকনের ট্রলার ঘিরে ফেলে ট্রলারে থাকা জেলেদের ওপর ট্রলারের শিকল ছুড়ে মারে। লোহার রড দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে চার জেলে আহত হন এবং দুই জেলে ট্রলার থেকে সাগরে পড়ে নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়।
এ বিষয়ে ট্রলারের মালিক ও মাঝি মনির আকন বলেন, আমরা গভীর সমুদ্রে মাছ ধরার সময় এফবি মুন্না নামের একটি ট্রলিং আমাদের জালের ওপর উঠে যায়। বাধা দিলে তারা হামলা করে। আমরা ট্রলার সরিয়ে নেওয়ার চেষ্টা করলে কিছুক্ষণের মধ্যেই এফবি মক্কা-মদিনা ও এফবি জায়েন খান নামের দুটি ট্রলিং বোট নিয়ে ট্রলিং আমাদের ঘিরে ফেলে। পরে তারা ট্রলারে উঠে শিকল ছোড়ে। এসময় মারধর করে আমাদের ট্রলার থেকে ৪-৫ লাখ টাকার মাছ লুট করে। শুধু তাই নয়, তারা ট্রলারের জালও কেটে নিয়ে গেছে।
জানতে চাইলে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে জাল পেঁচিয়ে যাওয়াকে কেন্দ্র করে জেলেদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে আরও কয়েকটি ট্রলিং বোট এসে একত্রিত হয়ে হামলা চালায়। এতে চার জেলে আহত হন। দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, গভীর সমুদ্রে জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সাগরে জেলেদের মারামারির ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনা জেলা প্রতিনিধি 





















