নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ সংসদের বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচন হবে আগামী ৯ এপ্রিল। তবে এ ক্ষেত্রে শেরপুর-৩ আসনে গণভোট অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৪ ফোব্রুয়ারি) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ দুটি আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ইসি সচিব বলেন, গত ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করেছিলাম। শেরপুর-৩ এর একজন বৈধ প্রার্থী ইন্তেকালের করায় সেখানে ভোট বাতিল করা হয়েছিলো। পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়েছেন। এখন এ দুটি আসনে আমরা নির্বাচন করবো।
তিনি বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৫ মার্চ, আপিল দায়ের ৬ থেকে ১০ মার্চ, আপিল নিষ্পত্তি ১১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ, প্রতীক বরাদ্দ ১৫ মার্চ এবং ভোটগ্রহণ ৯ এপ্রিল (বৃহস্পতিবার)।
ইসি সচিব বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়েছিল। ওই নির্বাচনে অন্য আসনগুলোতে গণভোটের প্রক্রিয়া থাকলেও শেরপুরে তা আর প্রয়োজন হচ্ছে না।
এ দুই আসনের গণভোট প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, একটিতে (বগুড়া-৬) আগে গণভোট হয়েছে। শেরপুর-৩ আসনে গণভোটের প্রয়োজন হচ্ছে না। গণভোটের যে ডিফারেন্স রয়েছে, তাতে আরেকটিতে ইনক্লুড না করলেও কোনও অসুবিধা নেই।
গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে শেরপুর-৩ আসনে প্রার্থী মারা যাওয়ায় ভোট স্থগিত হয়। অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়। এই দুই আসনেই এবার পোস্টাল ব্যালট এবং বিশেষ কারিগরি সুবিধা (আইসিপিভি ও ওসিবি) বজায় থাকবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান নির্বাচনি এলাকা-১৯০ ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
এ ছাড়া, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থী মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে ইসি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসন সংখ্যা ২১২টি।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসেছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে এবং বাকি এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 



















