ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে রাজবাড়ী থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনে কাটা পড়ে তায়েব শেখ (৪) ও আহমেদ শেখ (৪) নামে যমজ ভাই নিহত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে জেলার মধুখালী উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ভূষণা-লক্ষণদিয়া রেলস্টেশনের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই ওই এলাকার ব্যবসায়ী ও লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা আকাশ শেখের ছেলে। এই যমজ সন্তান ছাড়াও আকাশ শেখের আরও একটি কন্যাসন্তান রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা দেড়টায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় ওই দুই শিশু রেলক্রসিং-সংলগ্ন একটি দোকানে চকলেট কিনতে যায়। এ সময় তাঁরা দ্রুত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রেলক্রসিংটি অরক্ষিত অবস্থায় রয়েছে। ওই ক্রসিং দিয়ে চার-পাঁচটি গ্রামের বাসিন্দাদের যাতায়াত রয়েছে। এর আগে একাধিক দুর্ঘটনায় অন্ততপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁরা এই রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবি জানান।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। দুপুর ১টা ১৫ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। শিশুদের বয়স ৪ থেকে সাড়ে ৪ বছরের মধ্যে। তাদের নিজেদের বাড়ি রেললাইন থেকে ৪-৫শ মিটার দূরে হলেও, শিশু দুটি রেললাইনের পাশে তাদের চাচার বাড়িতে বেড়াতে এসেছিল। এ বিষয়ে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
ফরিদপুর জেলা প্রতিনিধি 





















