নিজস্ব প্রতিবেদক :
আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ এবং কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগামী ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ উপলক্ষে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংশ্লিষ্টরা জানান, এই কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি সরকারি ভর্তুকি, ঋণ এবং কৃষি সহায়তা প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হবে। এর ফলে কৃষি খাতে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং প্রকৃত কৃষকরা সরাসরি উপকৃত হবেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ এপ্রিল ২০২৬ (পহেলা বৈশাখ) বাংলা নববর্ষের উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন। এই উদ্যোগটি দেশের সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 


















