ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
সাংবাদিকরা দেশের জন্য ও জনগণের জন্য কাজ করে সত্য কথা বলে এবং সত্য লিখে-এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন বানচাল ও ভণ্ডুল করার জন্য কিছু লোক সব সময় চেষ্টা করে। তবে এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। দেশের মানুষ জেগে উঠেছে যে ভোট আমরা দেবোই-তা কেউ ঠেকাতে পারবে না।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী এলাকা সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ভোটের দিন আপনারা সবাই ভোটকেন্দ্র পাহারা দেবেন, যেন কেউ গণ্ডগোল করতে না পারে। হিন্দু-মুসলমান সবাই মিলে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। কেউ যেন দুষ্টামি করার সাহস না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, আগামী ১২ তারিখে আপনারা সকলে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষের ব্যানার হাতে নিয়ে মাঠে দাঁড়াবেন। পথসভা চলাকালে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।
তিনি আরো বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। কিন্তু বিগত সরকারের সময় হয়েছিলো আমার ভোট আমি দেব, তোমার ভোট আমি দেব। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।
ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনাদের হাতেই দেশ, আপনারাই দেশের প্রকৃত মালিক। তাই ভুল করার সুযোগ নেই। সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের ভোট প্রয়োগ করতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের মা-বোনেরা সবাই সরল। কোরআন শিক্ষার নাম করে বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। আল্লাহ কোথাও বলেননি, মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। আল্লাহর নির্দেশ পালন করলেই বেহেশতে যাওয়া যাবে। একটি দল এসব নিয়ে মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মাফ করে দেওয়া হবে। এছাড়া মায়েদের ফ্যামিলি কার্ড আর কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে।
শিক্ষিত বেকারদের জন্য ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। সব ধর্মের মানুষ শান্তিতে থাকবেন।
এসময় ঠাকুরগাঁওয়ের শহীদ মামুনের বোন তার মাটির ব্যাংকে সঞ্চিত অর্থ ও নিজ হাতে পালিত মুরগির কিছু ডিম বিএনপি মহাসচিবের হাতে তুলে দেন। এতে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চোখের জল ধরে রাখতে না পেরে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন, যা উপস্থিত জনতার মাঝেও আবেগের সঞ্চার করে।
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 

















