নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেন, ১১ দলীয় জোটের নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আমি যেন নির্বাচনের দিন, ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি এই দোয়া চাই।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মতিঝিলের আরামবাগ এলাকায় নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি যেন অশান্তিতে থাকি এমন একটি পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমন কিছু অশালীন কথা বলছে যাতে এখানে মারামারি হয়। আমিতো ওইদিকে যাবো না। তারা নির্বাচনে সিনক্রিয়েট করার অনেক অনেক চেষ্টা করছে।
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল পরিবর্তনের চেষ্টা করা হতে পারে আশঙ্কা প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, এই সরকারের বিশেষ বিশেষ জায়গায় বিশেষ লোকজন বসে আছে। তারা নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার জন্য যা করার তা করছে। আওয়ামী লীগের মতো এখনো বিরোধীপক্ষের যারা আছে তারা নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করছে। নির্বাচন বানচালের জন্য কয়েকটি দল পরিকল্পিতভাবে কাজ করছে।
যাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারা কীভাবে ১২ তারিখের পর ক্ষমতায় এসে দেখে নেওয়ার হুমকি দেয়; তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। তার মতে, এই সাহস তারা পেয়েছে, কারণ সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় তাদের লোক বসানো আছে। যারা প্রয়োজন হলে তাদের ইচ্ছেমতো নির্বাচনের ফল ম্যানিপুলেট করার কাজ করবে।
নিজস্ব প্রতিবেদক 






















