নিজস্ব প্রতিবেদক :
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব রয়েছেন আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া মো. সাহাবুদ্দিন।
নতুন মন্ত্রিসভার শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তুতি আছে বলেও জানিয়েছেন শেখ আব্দুর রশিদ।
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ কে পড়াবেন- জানতে চাইলে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন।
ড. শেখ আব্দুর রশীদ বলেন, আগামী ৩-৪ দিনের মধ্যে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে আনুমানিক এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে।
তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর তাদের শপথের আয়োজন করবে জাতীয় সংসদ সচিবালয়। সংসদ সদস্যদের শপথের পর নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, নতুন সংসদ সদস্যদের শপথের পর সংসদীয় দলনেতা নির্বাচন করা হবে। রাষ্ট্রপতি তাকে সরকার গঠনের আহ্বান জানাবেন।
দলনেতা মন্ত্রিপরিষদ বিভাগে নাম দেবেন। মন্ত্রিপরিষদ বিভাগ তাদের আহ্বান জানিয়ে চিঠি দেবে।
রোজার আগেই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে-বলতে পারেন, এটা নিশ্চিত।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গেজেট নোটিফিকেশন হয়ে গেছে। আইন অনুযায়ী তিন দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয়। সংসদ সদস্য হিসেবে, সেটি এই তিন দিন সময় আগামীকাল থেকে শুরু করে ১৭ তারিখের মধ্যে শপথ গ্রহণ হবে।
শপথের পরের প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন। যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা নির্বাচিত হবেন, তিনি রাষ্ট্রপতিকে জানাবেন যে তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের নেতা।মহামান্য রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন বা নিয়োগ দান করবেন। এর পরে একটা সুবিধাজনক সময় নির্ধারণ করে সে সময় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি তিন দিন বা ম্যাক্সিমাম চার দিনের মধ্যে শপথ হয়ে যাবে।
শপথের জন্য প্রস্তুতি আছে কি না, জানতে চাইলে শেখ আব্দুর রশীদ বলেন, আগামীকাল বা পরশু সেটাও আমাদের প্রস্তুতি আছে, আবার যদি বলা হয়, না আমরা, ওই তিন দিন পর হবে সেটারও প্রস্তুতি আছে।
সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা দেখেন সংসদ সচিবালয়।
নিজস্ব প্রতিবেদক 





















