চাঁদপুর জেলা প্রতিনিধি :
নকলের মতো মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংমুক্ত দেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, যেভাবে কচুয়া থেকে শিক্ষাঙ্গণে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া থেকেই। নকলমুক্ত কচুয়া এক সময় সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছিল। আমরা চাই, একইভাবে কচুয়া হোক মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশের মডেল।
দুর্নীতিমুক্ত সমাজ গঠনের যাত্রাও কচুয়া থেকেই শুরু করার পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, কচুয়া উপজেলাকে পর্যায়ক্রমে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ইভটিজিংমুক্ত করা হবে। এ লক্ষ্যে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা হবে এবং ঘোষিত কর্মসূচিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
সব চ্যালেঞ্জ সামলে শিক্ষার মান ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে মন্তব্য করে আ ন ম এহসানুল হক মিলন বলেন, বিএনপি ক্ষমতা গ্রহণের প্রথম ১৮০ দিনের কর্মসূচির মধ্যে শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার সবগুলো স্তরে কোথায় কোথায় দুর্বলতা আছে। তা খতিয়ে দেখে দ্রুত সমাধানের আপ্রাণ চেষ্টা করা হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে থাকবে তারেক রহমানের নেতৃত্বে এই সরকার।
খালেদা জিয়ার স্মরণে তিনি বলেন, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া, আমরা পুনঃনির্বাচিত হয়েছি। আজকের এই আনন্দের সময়ে আমি প্রচণ্ডভাবে ব্যথিত, দেশমাতা খালেদা জিয়া নেই। আমরা আগামীর বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গড়ে তুলব।
এ সময় শিক্ষামন্ত্রী মিলনের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেতা নাজমুন নাহার বেবি এবং শিক্ষা অধিদফতরের পরিচালক ড. খান মাঈনউদ্দিন মাহমুদ সোহেল।
এর আগে ঢাকা থেকে সড়কপথে কচুয়া উপজেলা পরিষদ চত্বরে পৌঁছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহানউদ্দিন।
চাঁদপুর জেলা প্রতিনিধি 






















