নিজস্ব প্রতিবেদক :
দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে তাদের ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে বলে ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রোববার (১ মার্চ) ঘোষণাটি দেওয়া হয়েছে। সেখানে নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়েছে।
জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে ফ্লাইটগুলো সময়মতো ছেড়ে যাবে। তবে দোহা, দুবাই ও আবুধাবি গন্তব্যের সেবা নির্ধারিত সময়সূচির বাইরে রয়েছে।
প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিমান সকল যাত্রীকে নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ করেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। এর জবাবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে আক্রমণ করে ইরান। এই প্রেক্ষাপটে শনিবার থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়।
নিজস্ব প্রতিবেদক 


















