নিজস্ব প্রতিবেদক :
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা এবং তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বর্তমান সরকারের এক মাস পূর্তি উপলক্ষে বুধবার (২৫ মার্চ) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশি থাকা সত্ত্বেও দেশের অভ্যন্তরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার বর্ধিত মূল্যের বোঝা জনগণের ওপর চাপাচ্ছে না।
ডা. জাহেদ বলেন, সরকার বর্তমানে বেশি দামে তেল কিনছে। কিন্তু মূল্যস্ফীতি বাড়বে; এজন্য তেলের দাম বাড়াচ্ছে না। এজন্য এখন জনগণকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
এই মুহূর্তে জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কোনো পাম্প মালিক অবৈধভাবে জ্বালানি মজুত করছে কিনা তা খতিয়ে দেখবে সরকার। এজন্য নজরদারি বাড়ানো হবে।
ডা. জাহেদ উর রহমান বলেন, কাতারসহ আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রগুলোতে অস্থিরতা ও ক্ষয়ক্ষতির কারণে এলএনজি সরবরাহ নিয়ে কিছু শঙ্কা থাকলেও, অভ্যন্তরীণভাবে সংকট তৈরির কোনো কারণ নেই। একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।
পাম্প মালিকদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, কোনো পাম্পে অবৈধভাবে জ্বালানি মজুত করা হচ্ছে কি না- তা কঠোরভাবে নজরদারি করা হবে। জনগণকে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনার এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক 


















