নিজস্ব প্রতিবেদক :
ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে মারধরের ঘটনায় ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের বিভাগীয় তদন্তে আস্থা রাখতে চায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। মামলার বিষয়ে প্রশ্ন করা হলে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বিষয়টি এড়িয়ে যান।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি কার্যালয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।
তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও অনভিপ্রেত ঘটনা ঘটেছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা সেই ঘটনাটির আশু সুরহা নিশ্চিত করার জন্য, আইনের শাসন সুচিন্তিত করার জন্য এবং যারা দায়ী তাদের যেন যথাযথ ও যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয় সেটির জন্য গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ও আজ ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেছি।
ছাত্রলীগ সভাপতি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের দাবিগুলো সুস্পষ্টভাবে জানিয়েছি এবং ডিএমপি কমিশনার আমাদের আশ্বস্থ করেছেন বিভাগীয় তদন্ত প্রক্রিয়াধীন। দ্রুত তদন্তের আলোকে সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করা হবে।
ভুক্তভোগীর পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে ছাত্রলীগ মামলা করতে নিষেধ করেছে। তাহলে মামলা করবেন না আপনারা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ছাত্রলীগ সভাপতি বলেন, পরিবারকে মামলা করতে দেওয়া হচ্ছে না ভুল কথা। এটি নিয়েই আমরা কথা বলেছি। আজকে ডিএমপি কমিশনারকে বলেছি তদন্ত কমিটির প্রতিবেদন যেন দ্রুত দেওয়া হয়। সুষ্ঠু বিচার বিবেচনা করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় সেটি নিয়েই আমরা কথা বলেছি। বিষয়টি নিয়ে পুলিশের সবাই বিব্রতবোধ করছেন।
এ ঘটনায় ছাত্রদলের উদ্বেগকে ছাত্রলীগ কীভাবে দেখছে জানতে চাইলে সাদ্দাম হোসেন বলেন, যারা এ ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাই, তাদের বিষয়ে আমরা সতর্ক আছি। যারা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যত্যয় করতে চায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় তাদের ফাঁদে ছাত্রলীগ পা দেবে না।
এ বিষয়টিকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রলীগের মধ্যে কোনো ধরনের তিক্ত সম্পর্ক সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে কিনা প্রশ্ন করা হলে ছাত্রলীগ সভাপতি বলেন, সেটির কোনো সুযোগ নেই, আমাদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে।
প্রসঙ্গত, শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাইমকে নির্যাতন করেন এডিসি হারুন অর রশিদ। এ ঘটনার জেরে রোববার (১০ সেপ্টেম্বর) এডিসি হারুনকে এপিবিএনে বদলি করা হয়েছে। অন্যদিকে ঘটনা তদন্তে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি।
নিজস্ব প্রতিবেদক 























