টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার নল্যা বাসস্ট্যান্ডের নলহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সিএনজিচালিত অটোরিকশা চালক আকবর আলী (৫০), অটোরিকশার যাত্রী জামালপুরের বাংগালীপাড়া গ্রামের মৃত তোরাব আলী মুন্সীর ছেলে মো. ওমর ফারুক (৪৫) এবং সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ গ্রামের আব্বাস মিয়ার ছেলে মো. খোকন মিয়া (৪২)।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধনবাড়ী থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে জামালপুর থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক আকবর আলী নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুই যাত্রীকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই চালক বাস নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, জামালপুর থেকে একটি বাস ধনবাড়ীর দিকে আসার সময় নল্যা গ্রামীণ ব্যাংক-সংলগ্ন এলাকায় সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে দ্রুত ধনবাড়ী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নিহতদের পরিবারের লোকজন কোনো অভিযোগ না করায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি 






















