নিজস্ব প্রতিবেদক :
দায়িত্ব গ্রহণের পর মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন দেশের পাঁচটি সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা।
রোববার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারা পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে সম্মান প্রদর্শন করেন।
সরেজমিনে দেখা যায়, দুপুরে সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে জিয়া উদ্যানে উপস্থিত হন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকনুজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
এই পাঁচজন প্রশাসকই বিএনপির নেতা। বিলকিস আক্তার জাহান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), মাহফুজুর রহমান রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব, মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও মো. ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, গত ১৭ বছরে বরিশাল সিটি করপোরেশনে কোনো উন্নয়ন হয়নি। বরিশালকে বসবাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতে চান তিনি। পাশাপাশি নগরকে একটি স্বাস্থ্যকর ও সুন্দর শহর হিসেবে গড়ে তোলা এবং মাদক নির্মূলে কাজ করার কথাও জানান তিনি।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকনুজ্জামান রোকন বলেন, আমাদের প্রথম কাজ হবে সিটি করপোরেশনের যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কার রাখা। পাশাপাশি আমরা নাগরিক সেবার মান উন্নয়নে কাজ করবো। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা।
নিজস্ব প্রতিবেদক 
























