জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহে বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে মেলান্দহ পৌরসভার মিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল (৪২) ও তার ভাতিজা মৃত উজ্জলের ছেলে আকাশ (২০)। তারা দুজনেই হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাত ২টার দিকে মাহমুদপুর এলাকায় বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফিরছিলেন চাচা-ভাতিজা। ফেরার পথে মিয়ারপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মারা যান। খবর পেয়ে স্থানীয়রা কাজলকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ মোটরসাইকেল দুটিসহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আহত অপর মোটরসাইকেলের চালক সাইম (২২) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি।
মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে চিকিৎসাীধন অবস্থায় মারা গেছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। এই বিষযে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
জামালপুর জেলা প্রতিনিধি 






















