খুলনা জেলা প্রতিনিধি :
খুলনা শহরে সন্ত্রাসীদের গুলিতে রাকিব হোসেন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাকিব লবণচরা থানার আশিবিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, রাকিব ঘটনাস্থলের পাশের একটি সেলুনে অবস্থান করছিল। এর কিছুক্ষণ পরে দুই যুবক সেলুন থেকে তাকে টেনে বের করে মাথায় দুইটি গুলি করে। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১০টার দিকে পশ্চিম টুটপাড়া কুবা মসজিদ এলাকায় একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাই। খবর পেয়ে সদর ও লবণচরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে দুটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, আহত অবস্থায় রাকিবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িতদের কয়েকজনের নাম পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং অভিযানে নেমেছে।
প্রাথমিকভাবে এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকসংক্রান্ত বিরোধ থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। তবে অন্য কোনো কারণ আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, নিহত রাকিব একটি গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।
খুলনা জেলা প্রতিনিধি 






















