কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহর বাইপাসের কুষ্টিয়া স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের জামাই ও অটোরিকশা চালক জাকারিয়া সরকার (৪০) এবং একই এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮)। এছাড়া এক নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশাটি শহরের কবুরহাট এলাকা থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে সরাসরি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব বলেন, ‘দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
কুষ্টিয়া সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আরদেশ আলী জানান, ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিহত প্রতিটি পরিবারকে দাফনের জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
কুষ্টিয়া জেলা প্রতিনিধি 




















