নিজস্ব প্রতিবেদক :
স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে একদিনের ব্যবধানে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।
স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
মঙ্গলবার (৩ মার্চ) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্তটি নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৬৪ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৬৮২ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে, সোমবার (২ মার্চ) সকাল ১০টা থেকে ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় পাঁচ হাজার ৪২৪ টাকা। ২৪ ঘণ্টার ব্যবধানে এখন আবার দাম বাড়ানো হলো। এখন ২১ ক্যারেটের এক ভরি সোনায় তিন হাজার ৯১ টাকা বাড়িয়ে দুই লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় দুই হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম দুই লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে এক লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সোমবার সকাল ১০টা থেকেই।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৬ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ২৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ১২ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
এখন সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে সাত হাজার ১৭৩ টাকা। এছাড়া প্রতি ভরি ২১ ক্যারেটের রুপার দাম ছয় হাজার ৮৮২ টাকা, ১৮ ক্যারেটের দাম পাঁচ হাজার ৮৯০ টাকা ও সনাতন পদ্ধতির দাম চার হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২১ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ১৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ৭ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।
নিজস্ব প্রতিবেদক 

















