সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগানে ঘুরতে এসে রেলসেতুর ওপর সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরের পর পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া এলাকার আকতার হোসেনের ছেলে ফয়সাল কবির (২৫) এবং একই উপজেলার আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে আলফে সানি (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাটিনা রেলসেতুর দুই পাশে সারিবদ্ধ শিমুল ফুলের গাছের সৌন্দর্য উপভোগ করতে বেলকুচি থেকে মোটরসাইকেলে সেখানে আসেন সানি ও ফয়সাল। সেতুর পূর্বপাশে উঠে শিমুল ফুলের দৃশ্যের ছবি তুলছিলেন তারা। এ সময় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা সেতুর নিচে পাথরের ওপর পড়ে যান। এতে ঘটনাস্থলেই সানির মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় ফয়সালকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, ঘাটিনা রেলসেতু এলাকায় শিমুল ফুল দেখতে এসেছিলেন দুই তরুণ। ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি 






















