নিজস্ব প্রতিবেদক :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বার্তায় বলা হয়, জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা -শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।
তাদের দাবি, সংগঠনের নেত্রী জুমাকে এবং শহীদ ওসমান হাদির স্ত্রীকে আঘাত করা হয়েছে।
আরেক পোস্টে আব্দুল্লাহ আল জাবের আন্দোলনকারীদের উদ্দেশে পরিস্থিতি ঘোলাটে না করার আহ্বান জানান। তিনি লেখেন, ‘আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। ততদিন পর্যন্ত নিরাপদে থাকার আহ্বান জানাই।’
উল্লেখ্য, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
আজ বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। ঠিক সেই মুহূর্তে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পায়ে গুলিবিদ্ধ হন। এ ছাড়া শতাধিক আন্দোলনকারী আহত হন।
নিজস্ব প্রতিবেদক 


















