নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অভ্যুত্থানকালীন ভূমিকা নিয়ে মামলা করার অপচেষ্টা হয়েছে। তবে আদালত মামলাটি নেয়নি।
তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এ ধরনের অপচেষ্টা উদ্বেগজনক ও নিন্দনীয়। এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং সেই সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে। এ আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের অপচেষ্টা প্রমাণ করে যে, ৫ আগস্টে পরাজিত শক্তি এখনো বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত।
মামলা বা ভয়ভীতি দেখিয়ে এ নেতৃত্বকে দমন করার চেষ্টা অতীতেও ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও হবে উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আমাদের আহ্বান— এ ধরনের অপচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং পরাজিত অপশক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। ফ্যাসিবাদী গোষ্ঠীর যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
নিজস্ব প্রতিবেদক 
























