নিজস্ব প্রতিবেদক :
ভোটের আগে দেশের ১৯ বাণিজ্যিক ব্যাংক থেকে আরো ১৭ কোটি ১০ লাখ (১৭১ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কেনা এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। ডলার কেনার ক্ষেত্রে কাট-অফ হারও ছিল ১২২ টাকা ৩০ পয়সা। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সর্বশেষ এই ক্রয়ের ফলে চলতি ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়াল ৯৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে। একই সঙ্গে চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয় বেড়ে ৪৮৯ কোটি ৯৫ লাখ মার্কিন ডলারে পৌঁছেছে।
ডলার বাজারে সরবরাহ বাড়ানো এবং বিনিময় হার নিয়ন্ত্রণে রাখার কৌশলের অংশ হিসেবেই এই ডলার ক্রয় অব্যাহত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে রফতানি আয় ও প্রবাসী আয়ের প্রবাহ তুলনামূলক ভালো থাকায় ব্যাংকিং ব্যবস্থায় অতিরিক্ত ডলার শোষণ করে বাজারে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) ১৯ বাণিজ্যিক ব্যাংক থেকে ২০ কোটি ৯০ লাখ (২০৯ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। আর বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে ১৯ কোটি ৬৫ লাখ (১৯৬.৫ মিলিয়ন) মার্কিন ডলার, বুধবার (৪ ফেব্রুয়ারি) ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ (১৭১ মিলিয়ন) মার্কিন ডলার এবং রোববার (২ ফেব্রুয়ারি) ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ২১ কোটি ৮৫ লাখ (২১৮.৫০ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
এসব ডলার কেনার ফলে ফেব্রুয়ারি মাসে মোট ক্রয়ের পরিমাণ দাঁড়াল ৯৬৬ মিলিয়ন বা ৯৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। আর চলতি ২০২৫–২৬ অর্থবছরে মোট ক্রয় দাঁড়াল ৪৮৯৯.৫০ মিলিয়ন (৪৮৯ কোটি ৯৫ লাখ) মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আজ আমরা ১১টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২.৩০ টাকা কাট-অফ রেটে মোট ১৭১ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছি। ফলে, চলতি ফেব্রুয়ারি মাসে মোট ক্রয়ের পরিমাণ দাঁড়াল ৯৬৬ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৫–২৬ অর্থবছরে মোট ৪৮৯৯.৫০ মিলিয়ন মার্কিন ডলার।
নিজস্ব প্রতিবেদক 





















