পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিরোজপুরে-১ আসনের ধানের শীষের প্রার্থীর নির্বাচন বাস্তবায়ন কমিটির আহবায়ক মহিউদ্দিন মল্লিক নাসিরকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়েছে।
গুরুতর আহত অবস্থায় খুলনায় চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে তাকে রাজধানীতে স্থানান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহিউদ্দিন মল্লিক নাসিরের ভাগনে মারুফুল্লাহ। তিনি বলেন, তার মামা মহিউদ্দিন মল্লিক নাসির এর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানাবিধ শারীরিক জটিলতা থাকায় গুরুতর জখমের প্রাথমিক অপারেশন শেষে চিকিৎসকদের পরামর্শে আজ দুপুর হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়। সেখানে আগামী ৭২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণের জন্য প্রথমে পিজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিউ সমস্যা থাকায় স্কয়ার হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছে।
মহিউদ্দিন মল্লিক নাসিরের সঙ্গে থাকা শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহত রিয়াজুদ্দিন মল্লিক নিপু জানান, গতকাল রাত ১১টায় ইন্দুরকানী উপজেলা থেকে তিনি মোটরসাইকেল চালিয়ে নাসির মল্লিককে নিয়ে বাড়িতে ফিরছিলেন। তাদের মোটরসাইকেল পাড়েরহাট বাসস্ট্যান্ড ও চালনা ব্রিজের মাঝামাঝি পৌঁছানোর পর ৮-১০টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা তাদের পথ রোধ করে।
এরপর ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে নাসিরের দুই পা, হাত ও ঘাড় জখম হয়। এ ছাড়া তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব পাইক জানান, আহত দুই জনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। একজনের দুই পায়ে গুরুতর জখম অবস্থা এসেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে।
স্থানীয় বিএনপির নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হতে পারে। অনেকে মনে করে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে পিরোজপুর -১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন পরাজিত হওয়ার পিছনে মহিউদ্দিন মল্লিক নাসির এর একটা যোগসাজশ রয়েছে। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেন মহিউদ্দিন মল্লিক নাসিরের নিজ এলাকা শংকরপাশা ইউনিয়ন থেকে ধানের শীষ খুবই কম ভোট পেয়েছে।
তারা আরও বলেন, আপন খালাতো ভাই জামায়াতের প্রার্থী মাসুদ সাইদীকে বিজয়ী করতে নিজ দল বিএনপির সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছে। যার কারণে দলের একটা অংশ তার উপর ক্ষিপ্ত থাকার পরিপ্রেক্ষিতে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত দলের একজন প্রবীণ নেতার উপর হামলার নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।
এদিকে হামলার ঘটনার পর পরই তার অনুসারী বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ পরিলক্ষিত হয়েছে।
ইন্দুরকানী থানার ওসি মো.শামীম হোসেন বলেন, পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় পুরো জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিএনপি নেতার সুস্থতা কামনা করে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা দোয়া মাহফিলের আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, মহিউদ্দিন মল্লিক নাসির পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদপ নির্বাচনে ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদর উপজেলা আহ্বায়ক ছিলেন। এছাড়াও তিনি ৭ নং শংকরপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন।
পিরোজপুর জেলা প্রতিনিধি 






















