নিজস্ব প্রতিবেদক :
নির্বাচন-পরবর্তী সহিংসতা বা সংখ্যালঘুদের ওপর হামলার কোনো ঘটনা এবার ঘটেনি বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, এবারের নির্বাচন এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে, যার ফলে দেশে গুম-খুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত দল এবং জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারীরা বিরোধী দলের প্রতিনিধিত্ব করবেন। তিনি আরও দাবি করেন, দেশের ইতিহাসে এবারই প্রথম কোনো নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেনি। এ বিষয়ে নজর রাখতে সাংবাদিকদের প্রতিও আহ্বান জানান তিনি।
শফিকুল আলম বলেন, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ায় উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশনের পারফরম্যান্সেও উপদেষ্টা পরিষদ সন্তোষ প্রকাশ করেছে এবং তাদেরও ধন্যবাদ জানানো হয়েছে। উপদেষ্টা পরিষদের মতে, এ নির্বাচনের মাধ্যমে পুলিশ বাহিনী তাদের আত্মমর্যাদা ফিরে পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
হাতিয়ায় ধর্ষণের ঘটনার প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সরকার এ বিষয়ে একটি কমিটি গঠন করবে, যা ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করবে।
নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, আজ ক্যাবিনেট অবজার্ভ করে যে, এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। আপনারা জানেন, পুলিশ জুলাই-আগস্ট ২০২৪-এ তাদের রোলের কথা। আমি আবার নতুন করে বলতে চাচ্ছি না। কিন্তু অনেকে বলতেন যে, পুলিশের কনফিডেন্স লো। এই পুলিশকে দিয়ে কি আদৌ আমরা একটা ভালো ইলেকশন দেখতে পাব কি না? এই ধরনের আলাপটা ছিল। আপনারা দেখেছেন যে, তারা যথেষ্ট ভালো রোল প্লে করেছে।
শফিকুল আলম বলেন, প্রথমবারের মতো খুব বড় একটা ইউজ হয়েছে বডি ওর্ন ক্যামেরা। প্রধান উপদেষ্টা নিজে পুলিশ হেডকোয়ার্টারে বসে দেড় ঘণ্টার মতো অবজার্ভ করেছেন। তিনি সরাসরি ১৭টি কেন্দ্রে কথা বলেছেন। ক্যাবিনেট আশা করে যে, এটার আরও যখন বিস্তৃত ডেপ্লয়মেন্ট হবে সামনের ইলেকশনগুলোয়, এটা আরও ভালো রেজাল্ট দেবে। তারপর সুরক্ষা অ্যাপ ছিল, সেটা ইলেকশন যারা কনডাক্ট করে তাদের কো-অর্ডিনেশনের জন্য খুবই ভালো কাজে দিয়েছে।
তিনি বলেন, সিসিটিভি খুব হেল্পফুল ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তৃতায় বলেন, ইলেকশনের পরে চারজনের মৃত্যুর কথা জানা যাচ্ছে। তার মধ্যে সত্যিকার অর্থে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে মারা গেছেন একজন। আর হাতিয়ার যে মেয়েটির বিষয়, সেটির বিষয়ে তিনি বলেছেন, এই বিষয়ে একটা তদন্ত কমিটি করে দেওয়া হচ্ছে। পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন ও ইনভেস্টিগেট করবেন।
এছাড়া নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত সব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি কাতারের পররাষ্ট্রমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে ব্রিফিংয়ে জানান তিনি।
এসময় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 


















