মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পণ্যবোঝাই একটি দ্রুতগতির পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার নিমতলা আন্ডারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন যশোর কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে সুজন (৩৭)। তিনি পিকআপটির চালক ছিলেন। অপরজন খুলনার ডুমুরিয়া উপজেলার জীবনের ছেলে ইছারুল (২৫)। তিনি পিকআপটির সহকারী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন এবং যশোরে বসবাস করতেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যশোর থেকে কাঁচামাল নিয়ে রাজধানীর কারওয়ান বাজারের উদ্দেশে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। এসময় নিমতলা আন্ডারপাস অতিক্রমকালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরও একটি অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়, ফলে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন।
এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত হেলপার ইছারুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ সহযোগিতায় ক্ষতিগ্রস্ত যানবাহন মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় সড়কে।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, নিহতদের মরদেহ দুইটি হাইওয়ে থানাতে রয়েছে। দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি পালিয়ে যায়। তবে দুর্ঘটনায় কবলিত পিকআপটি বর্তমানে হাসাড়া হাইওয়ে থানায় রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি 
























