নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৪টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মৃত দুইজন হলেন- স্থানীয় কৃষক রান্টুর স্ত্রী আতিয়া (২৮) এবং তাদের এক বছর বয়সী মেয়ে রওজা। অগ্নিকাণ্ডে রান্টুর মা মর্জিনা বেগম গুরুতর দগ্ধ হন।
আহত মর্জিনা বেগমকে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুদাসপুর ফায়ার স্টেশন ইনচার্জ আতাউর রহমান বলেন, আজ ভোর পৌনে চারটার দিকে ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের মোন্তার হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন মুহূর্তে মধ্যে সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় ২ জন নিহত ও একজন আহত হয়েছে। আহতকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মোন্তার হোসেনের ও তার ছেলে মিন্টুর ৪ টি ঘর, আসবাবপত্র, পার্শ্ববর্তী ১ টি মুদিদোকান এবং ১০-১২ টি ছাগল দগ্ধ হয়ে মারা যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০-১২ লাখ টাকা বলে অনুমান করা হয়েছে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস সদস্যদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে মোন্তার আলীর ছেলের বউ আতিয়া বেগম ও তার মেয়ের রওজা ঘটনাস্থলে মারা গেছে। এ সময় মোন্তার আলীর স্ত্রী মর্জিনা বেগম গুরুতর আহত হয়।
নাটোর জেলা প্রতিনিধি 






















