নিজস্ব প্রতিবেদক :
আগামী পাঁচ বছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় ৩ লাখ বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সৃজনী বাংলাদেশ-এর সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে প্রশাসক বলেন, জীবন বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ জন্য প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি জনআন্দোলনে রূপান্তর করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৬ থেকে ২০৩০ মেয়াদে মোট তিন লাখ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রতি বছর গড়ে ৬০ হাজার গাছ রোপণ করা হবে। এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জনে ডিএসসিসি নিজস্ব ব্যবস্থাপনায় একটি আধুনিক নার্সারি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া, বন অধিদপ্তরের সাথে সম্পাদিত চুক্তির আওতায় ‘জিরো সয়েল’ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর ফলে রাস্তার মিডিয়ান ও আইল্যান্ডগুলো ঘাস এবং গাছের মাধ্যমে সবুজে ঢেকে দেওয়া সম্ভব হব।
জনসচেতনতার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, নাগরিকরা সচেতন হলে সিটি করপোরেশনের ৫০ শতাংশ কাজ সহজ হয়ে যায়। বাকি ৫০ শতাংশ কাজ আমরা সম্পন্ন করব। সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ রূপকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।
ঢাকাকে সবুজ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি সপ্তাহে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টসহ সবাইকে নিয়ে বৈঠক করেন বলেও জানান তিনি।
আবদুস সালাম বলেন, কীভাবে জনজীবন সহজ করা যায় তারেক রহমান সেই চেষ্টা করছেন, কিন্তু বিরোধী দল বারবার তাতে বাধা দিচ্ছে। কোনো সরকার এত অল্প সময়ে এত কাজ করেনি।

তিনি আরো বলেন, আমরা আসার পরে মশা নিধনের চেষ্টা করেছি। ঢাকা শহরে রাতে যেন লাইট জ্বলে, সেই চেষ্টা করছি।
এ সময় মশা প্রতিরোধে যেখানে সেখানে আবর্জনা না ফেলা, পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় বসবাসরত এলাকাবাসীদের পক্ষ থেকে ২১নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন প্রশাসক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রকৌশলী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম। সৃজনী বাংলাদেশের সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানে মো. নূরুন্নবী ও মো. আল আমিন উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 
























