বিনোদন ডেস্ক :
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অবিস্মরণীয় এবং তুমুল জনপ্রিয় গান ‘এই মন তোমাকে দিলাম’। কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন গানটি গেয়েছিলেন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমার জন্য। গানটি আজও জড়িয়ে আছে দেশের মানুষের অনুভূতিতে। দীর্ঘ ৪৪ বছর পর সেই গানটি আবার সিনেমার জন্য গাইলেন সাবিনা ইয়াসমীন। নতুন সংগীত আয়োজনে গানটি তিনি গেয়েছেন ‘দম’ সিনেমায়।
‘এই মন তোমাকে দিলাম’ গানটির কথা লিখেছেন দেশের কিংবদন্তি গীতিকার, সুরকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আনোয়ার পারভেজ। ’দম’ সিনেমার জন্য নতুন করে নির্মিত গানটির শিরোনামও ‘এই মন তোমাকে দিলাম’। তবে এতে যুক্ত হয়েছে নতুন কিছু কথা, যা লিখেছেন তন্ময় পারভেজ। নতুন এ গানের সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি।
বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর একটি স্টুডিওতে হয় গানটির রেকর্ডিং। এই নতুন সংস্করণে সাবিনা ইয়াসমিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস।
রেকর্ডংয়ের ফাঁকে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ‘নতুন এই গানটা আমার ভালো লেগেছে বলেই কাজটা করছি। তাছাড়া নতুনদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে।’
রেকর্ডিং শেষে তিনি ‘দম’ সিনেমার অভিনয়শিল্পী আফরান নিশো ও পূজা চেরির অভিনয়েরও প্রশংসা করেন এবং সিনেমাটির সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান।
সিনেমায় গানটি ব্যবহারের প্রাসঙ্গিকতা নিয়ে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম বাংলাদেশী গল্পের সিনেমা, সাধারণ মানুষের জ্বলে ওঠার সিনেমা, ইমোশনাল সিনেমা। আমরা সিনেমায় এমন একটা গান রাখতে চেয়েছি যেটা সব রকম অনুভূতিকে স্পর্শ করে। ‘এই মন তোমাকে দিলাম’ গানটা এখন আর শুধু একটা গান না, এর সঙ্গে একটা জাতির অনুভূতি, ভালোবাসা, স্মৃতি, আনন্দ–বেদনা জড়িয়ে আছে। ‘দম সিনেমাটাও এমন! যে গল্পটা দর্শকদের নানা রকম অনুভূতিকে স্পর্শ করে যাবে।’
নির্মাতা আরও জানান, গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল এবং মেয়ে দিঠি আনোয়ার অত্যন্ত আনন্দের সঙ্গে সিনেমাটিতে গানটি ব্যবহারের অনুমতি দিয়েছেন, গান রেকর্ডিংয়ের সময় তারা উপস্থিত ছিলেন এবং পুরো টিমের জন্য শুভকামনা জানিয়েছেন।
সাবিনা ইয়াসমিনের কণ্ঠে আবারও গানটি শুনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দিঠি আনোয়ার। তিনি বলেন, ‘সাবিনা ইয়াসমিন সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি। বাবার লেখা অধিকাংশ গানই তিনি গেয়েছেন। যার প্রায় সবই শ্রোতাপ্রিয়। আবার তার কণ্ঠে গানটি শুনে মনে হলো যেন সেই আগের মতোই লাগছে। সেই আবহটাই ফিরে এসেছে।’
এমন একটি কালজয়ী গানের অংশ নিয়ে নতুন একটি গান তৈরি করা বেশ কঠিন বলেই মনে করেন গানটির সংগীত পরিচালক আরাফাত মহসীন নিধি। তিনি বলেন, ‘যাদের গান শুনে বড় হয়েছি, তাদের একজনের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য আনন্দের। সাবিনা ইয়াসমিন যখন বললেন যে গানটি তার ভালো লেগেছে, সেটাই আমার জন্য বড় প্রাপ্তি।’
অন্যদিকে সাবিনা ইয়াসমিনের সঙ্গে গানটিতে কণ্ঠ দেওয়া তরুণ শিল্পী মোমিন বিশ্বাসের কাছে এটি স্বপ্নপূরণের মতো একটি অভিজ্ঞতা।
‘দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা–আই এবং চরকি। ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনে দম সিনেমাটি মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরে। দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদের, রবিউল আলম রবি।
বিনোদন ডেস্ক 
























