লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বিগত ১৭ বছরের জঞ্জাল, আবর্জনা-বর্জ্য আমাদের পরিষ্কার করতে হবে। যেহেতু আমরা এখন নির্বাচিত সরকারে আছি, আমরা তারেক রহমানের নেতৃত্বে সকল ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে নদী-খাল দখলমুক্ত করব।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, যেহেতু আমরা নির্বাচিত সরকার, তারেক রহমানের নেতৃত্বে সব বিভাগ ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করব। যারা দখল করে আছেন কিংবা যাদের সহযোগিতা প্রয়োজন, সবার আন্তরিকতা ও সহযোগিতার মধ্য দিয়ে দেশপ্রেমিক সরকার হিসেবে জনগণের স্বার্থে এবং জনগণের পাশে থেকে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল, ওয়াপদা খাল, জকসিন খাল ও মান্দারী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা জনগণের স্বার্থে জনগণের পাশে থেকে দেশপ্রেমিক সরকার হিসেবে প্রতিষ্ঠা পেতে সকলের সহযোগিতা চাই।
পানিসম্পদ মন্ত্রী বলেন, বিভিন্ন স্থানে খাল-নদী দখল ও দূষণের ফলে বর্ষায় স্থায়ী জলাবদ্ধতায় জনদুর্ভোগ বাড়ে। শুষ্ক মৌসুমে ইরিগেশন ও সবজি আবাদে পানি শূন্যতায় বিপাকে পড়েন কৃষক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে সময়ে এসব চিন্তায় খাল খনন করেছেন। কৃষি উৎপাদন ও মাছ চাষ বৃদ্ধি পেয়ে দেশের মানুষ সুফল পেয়েছেন।আমরা আবার সেই কর্মসূচি হাতে নিয়েছি। আমরা আশা করছি সকলের সহযোগিতায় আমরা সফল হব।
এ্যানি চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারুল উপজেলায় সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এর মাধ্যমে সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু হবে।
তিনি বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী, ওয়াপদা, জকসিন ও মান্দারী খাল পরিদর্শন করা হয়েছে। এসব খালে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা জমে আছে এবং অনেক জায়গা দখল হয়ে গেছে। এগুলো অপসারণ না করলে খাল খননের সুফল পাওয়া যাবে না।
তিনি আরো বলেন, একদিকে খাল খনন কার্যক্রম চলবে, অন্যদিকে সবার সহযোগিতা প্রয়োজন। যারা অবৈধভাবে খাল দখল করে আছেন বা যেখানে ময়লা-আবর্জনা ফেলছেন, তাদের সতর্ক হতে হবে। সবার আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে নেওয়া এই কর্মসূচি সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি 





















